ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে মানুষ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ফারুককে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  দুপুরে তাকে পোশাক শ্রমিক রিয়াজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর দারুস সালাম থানার পুলিশ অভিযান পরিচালনা চালিয়ে রাজধানীর গাবতলী এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফারুক রাজধানী ঢাকার দারুস সালাম থানার গাবতলী গৈদারটেক মহল্লার সাত্তার মিয়ার ছেলে। সে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ নং ওয়ার্ড (মিরপুর দারুস-সালাম) কাউন্সিলর আবু তাহেরের সহযোগী। এ ছাড়া সে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাঈনুল হোসেন খান নিখিলের অনুসারী। তার অত্যাচারে মিরপুর দারুস সালামবাসী অতিষ্ঠ। সে এলাকায় বাড়িঘর, দোকানপাট, পরিবহন, হাউজিংসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের  হোতা হিসেবে কাজ করত। অন্যদিকে নিহত রিয়াজুল ইসলাম (৩৮) আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এস. সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডিজাইনার হিসেবে কাজ করত। সে ওই এলাকার হাতেম আলী হাওলাদারের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. ওমর ফারুক বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি মো. ফারুককে রাজধানীর গাবতলী গৈদারটেক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।