ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় নারী ও শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।
মো. শফিক উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’