ঈদ যাত্রার শেষের দিকেও ভোগান্তি রোধে এবং ভাড়া বৃদ্ধির অভিযোগে সাভার-আশুলিয়ার বাসস্ট্যান্ড গুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার কাউন্টারে থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (৩০ মার্চ) সকালে আশুলিয়ার নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে তাদের অভিযোগ শুনেন।
জানা যায়, ভাড়া বৃদ্ধিসহ যাত্রীদের ভোগান্তির রোধে বেশ কিছু কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী কয়েকটি কাউন্টারে ভাড়া বৃদ্ধিসহ দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষায় রাখার অভিযোগ পাওয়া যায়। পরে নবীনগর ও বাইপাইলের মোট চারটিতে আর্থিক জরিমানা আদায়সহ বেশ কিছু কাউন্টারে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে নবীনগর ও বাইপাইল কাউন্টার গুলোতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় চারটি কাউন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিদের সতর্ক করা হয়েছে।
এদিকে সাভারে বাস কাউন্টারে টিকিটের মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় ছয়টি কাউন্ডারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম এসময় বলেন,ঈদ উপলক্ষে সাভারে কাউন্টার গুলোতে ঈদে ঘর মুখো যাত্রীদের কাছ থেকে টিকিট মুল্য বেশী নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাস কাউন্টারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় টিকিটের মুল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্টার কতৃপক্ষকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাভারে হানিফ কাউন্টারে টিকিটের মুল্য তালিকা দেখতে চাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের মামলার হুমকি গালিগালাজ করেন ঢাকা জেলা উত্তরের হানিফ কাউন্টারের পরিচালক রমিজ উদ্দিন। এ সময় তাকে আটক করা হলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান ও ক্ষমা প্রার্থনা করেন।
ভোগান্তি কমাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।