গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রবিবার (৩০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, অতীতে কখনও এত সহজে ঈদযাত্রা হয়নি। এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।
তিনি বলেন, শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে। আমরা বলেছি যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারব না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।
পরিবহণ উপদেষ্টা গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।