মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইজিবাইক পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনালাভের বাজারের সম্মুখে ইজিবাইক পার্কিং নিয়ে তার সমর্থক ও কেন্দ্রীয় বিএনপি নেতা হাজী মুজিবের সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকেপড়া সাধারণ মানুষের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কিছু ইজিবাইকসহ গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৬ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।