ব্রাজিলের অ্যান্টনিকে কিনতে গণচাঁদা তুলতে হবে!

প্রতিভাবান হয়েও ব্রাজিলের জাতীয় দলে জায়গা পাকা করতে পারেননি অ্যান্টনি। ম্যানচেস্টার ইউনাইটেডেও পারেননি টিকতে। কিন্তু গত জানুয়ারিতে ধারে রিয়াল বেতিসে গিয়ে ফিরে পেয়েছেন নিজেকে। সেই অ্যান্টনি এখন বেতিসের চোখের মণি। 

বেতিসের হয়ে একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন অ্যান্টনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ আন্দালুসিয়ান ডার্বিতে সেভিয়াকে ২–১ গোলে হারানের ম্যাচে গোল না পেলেও দারুণ পারফর্ম করেছেন।

ম্যাচ শেষে তাই মজা করে তার সতীর্থ ইসকো বলেন, 'আমাদের গণচাঁদা সংগ্রহ করতে হবে। তাহলে সে (অ্যান্টনি) আরও এক বছর আমাদের সাথে থাকতে পারবে। সে আসার পর আমরা পরিবর্তন লক্ষ করেছি। সে আমাদের অনেক কিছু এনে দিয়েছে।’