অবশেষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। প্রায় দু’বছর পর ফের ইদে ছবি মুক্তি পেল ভাইজানের। কিন্তু যতটা প্রত্যাশা ছিল, প্রথম দিনে ঠিক ততটা প্রভাব ফেলতে পারেনি বলেই মত সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের। যদিও ছবিমুক্তির দিন কয়েক আগেই প্রচারের জন্য দুবাই যান অভিনেতা। সেখানকার রাস্তায় এক তরুণীকে গাড়ির কাছে ডেকে যে ব্যবহার করেন, তাতে ভাইজানকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
এমনিতেই অভিনেতা নিরাপত্তা হুমকির মধ্যে আছেন। চব্বিশ ঘণ্টা কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ গাড়িতে চেপেই ঘুরতে হয়। মুম্বাইয়ে থাকাকালীন রাস্তায় বেরোলেও তার মুখ দেখা যায় না। সেই জায়গা থেকে দুবাইকে অনেকটাই নিরাপদ বলে মনে করেন অভিনেতা। সম্প্রতি নাওমি ডি’সুজা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেশ কিছু ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন, যা মূহুর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। দুবাইবাসী ওই তরুণীর ছবি ভাইরাল হওয়ার নেপথ্যে প্রধান কারণ হলেন সালমান। দুবাইয়ের ব্যস্ত আল ঘারবি স্ট্রিটে সালমানকে কালো কাচের আড়াল থেকে দেখতে পান ওই তরুণী। দেখামাত্রই দূর থেকে ছবি তোলার চেষ্টা করেন তিনি, লুকিয়ে ছবি তোলা ধরে ফেলেন সালমান। তরুণীকে কাছে ডাকেন সালমান, তার পর গাড়িতে বসে নিজেই তার সঙ্গে ছবি তোলেন। সালমানের এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদের।