গাইবান্ধায় ঈদের প্রথম দিনে ঘুরতে বের হয়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার আঞ্চলিক এ সব দুর্ঘটনা ঘটে।
পুলিশ,প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন নওগাঁর নিয়ামতপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলে নাবিল মাহমুদ(২৬), দিনাজপুর নিউ টাউন এলাকার আব্দুস সামাদের ছেলে আশিক (১৮), শামীম আহমেদের ছেলে ওমর খান (১৮), সোহেল রানার ছেলে আতিকুর (১৭) এবং সুইহারী গ্রামের জুয়েল রানার ছেলে জহির উদ্দীন (৬০)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়।
একই সড়কের পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু মোটরসাইকেল আরোহী ও এক পথচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন দিনাপুর জেলার ঘোড়াঘাট এলাকার লুৎফর রহমানের ছেলে সবুজ (২৭), ওসমানপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২৮) ও নুর ইসলামের ছেলে সাইফুল্যা আরিফ (২৭), পথচারি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম (২৬)।
অপরদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা নাকাইহাট ভায়য়া-গোবিন্দগঞ্জ সড়কের বালুয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় তিন মোটরসাইকের আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমা ন(৩৫), তাৎক্ষণিক ওই দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর।