বংশালে ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৬

রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ৬ জন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে উদ্ধার করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সোমবার (৩১ মার্চ)  রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ফাস্টফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)।

দোকান মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তাদের বাসা বংশালের নয়াবাজার এলাকায়। তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্টফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিল। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠের ভেতরে দোকান বসিয়েছিল নয়ন। রাত সাড়ে ৯টার দিকে খবর পান যে, দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে নয়নসহ কয়েকজন দগ্ধ হয়েছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকলেও লাইন গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগুনের ঘটনায় ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন।  তবে তাদের শরীরের দগ্ধের পরিমাণ কম। সাগর নামে একজনের সর্বোচ্চ ১১ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি করা হয়েছে । বাকিদেরকে অবজারভেশনের রাখা হয়েছে।