কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ছোট্ট এক ক্যামিও খেলে ৮ হাজার রানের মাইফলকে পৌঁছে গেলেন সূর্যকুমার যাদব। গতকাল সোমবার রাতের এই ম্যাচে তিনি রীতিমতো রেকর্ড গড়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের ক্লাবে পৌঁছা দ্বিতীয় দ্রুততম ব্যাটার হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার।
সূর্যকুমার এদিন খেলেছেন ৯ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস। তার ৩০০ স্ট্রাইকরেটের ইনিংসে ৮ উইকেটে জিতেছে মুম্বাই। বল খেলার দিক থেকে এই সংস্করণে ৮ হাজার ছোঁয়া দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান সূর্যকুমার। মাইলফলক ছুঁতে তিনি বল খেলেছেন ৫ হাজার ২৫৬টি। যাকে বাউন্ডারি মেরে তিনি এই মাইলফলকে পৌঁছান, সেই আন্দ্রে রাসেল ৪ হাজার ৭৪৯ বল খেলে আছেন সবার ওপরে।
তবে ইনিংসের হিসেবে সূর্যকুমার কিংবা রাসেল কেউই ওপরের দিকে নেই। ২১৩ ইনিংসে দ্রুততম ৮ হাজার রান করার বিশ্বরেকর্ড ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইলের। ২৪৩ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম বিরাট কোহলি। এছাড়া বাবর আজমের ২১৮ ইনিংস, মোহাম্মদ রিজওয়ানের ২৪৪ ইনিংস, অ্যারন ফিঞ্চের ২৫৪ ইনিংস আর তামিম ইকবালের লেগেছে ২৭১ ইনিংস।