রেফারিকে মারতে গিয়ে লাথি খেলেন কোচ!

ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ফুটবল একটা খেলার চেয়েও বেশি কিছু। মাঠের খেলার আবেগ কখনো কখনো দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে। ঘটে মারামারি থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। এবার পেরুর ঘরোয়া লিগের একটি ম্যাচে রেফারিকে মারতে গিয়ে লাথি খেয়ে ফিরলেন কোচ!

পেরুর শীর্ষ লিগে জায়গা করে নিতে পেরু কাপে খেলে যোগ্যতা প্রমাণ করতে হয় ক্লাবগুলোকে। তাই প্রতি মৌসুমেই এই লিগে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা ঘটে। গতকাল স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার মধ্যকার ম্যাচে ঘটেছে তেমনই এক ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটের খেলা চলছিল। নিজেদের মাঠে হুয়াকিয়া ২–১ গোলে এগিয়ে ছিল।

এমন সময় হঠাৎ বোতল হাতে রেফারির দিকে তেড়ে যান মাগদালেনার কোচিং স্টাফের একজন। অবস্থা বেগতিক দেখে রেফারিও দৌড়ে এসে ওই কোচের ঘাড়ে লাথি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান ওই কোচ। এদিকে রেফারিকে বাঁচাতে মাঠে পুলিশ চলে আসে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এসব কারণে লাতিন ফুটবলে রেফারিকে পিস্তল নিয়েও মাঠে নামতে দেখা গেছে!