রেজা করিমের `বাউলা বাতাসে' প্রাণ জুড়ায়

দূরে থাকা প্রিয় মানুষের সান্নিধ্য পেতে নানা রকম জাদুবাস্তবতায় ভোগে মানুষ। কখনো চোখ বুঝলেই সেই দূরবাসীকে কাছে পাওয়া যায়। আবার চোখ খুললেই যেন হারায় সব। এগুলো গতানুগতিক প্রেম-বিচ্ছেদে একে অন্যের প্রতি প্রকাশিত আবহমান প্রেমানুভূতি। তবে বাতাসে ভেসে আসা দূরবাসী প্রিয় মানুষের শরীরের সুবাসে যখন নিজের ভেতর বেড়ে ওঠা অনাগত সন্তানের অস্তিত্ব খুঁজে ফেরেন একাকিনী এক মা। তখন অনুভূতিটা ব্যতিক্রমই বটে ৷ এমনই এক অনুভূতির সুরেলা প্রকাশ ‘বাউলা বাতাসে।’ যেখানে বলা হয়েছে, 'বাউলা বাতাসে, বন্ধু তোমার সুবাস ভেসে আসে। সেই সুবাসে দেহের ভেতর নতুন জীবন হাসে।’ 

একাকিনী এক সন্তানসম্ভবা মায়ের প্রতি একজন বাবা ও জীবনসঙ্গী হিসেবে নিজের সবটুকু ভালোবাসা ও আবেগ উজাড় করে গেয়েছেন শিল্পী রেজা করিম। গানটির লেখা ও সুরও করেছেন আড়ালপ্রিয় এই গায়ক। ‘বাউলা বাতাসে’ শিরোনামে গানটি মুক্তি পেয়েছে গায়কের প্রচার বিমুখ নিজস্ব ইউটিউব চ্যানেলে। চাঁদ রাতে মুক্তির পর থেকেই অন্তর্জালের নানা মাধ্যমে গানটি লুফে নিয়েছেন শ্রোতারা।' বাউলা বাতাসে’ প্রাণ জুরিয়ে যাওয়ার অনুভূতিও প্রকাশ করেছেন অনেকেই। গানটি শেয়ার করে এক পোস্টে তরুণ কণ্ঠশিল্পী বাপ্পী নবী নিজের অনুভূতি জুড়ে দিয়ে বলেছেন, 'গানটি প্রথমবার শুনেই হৃদয়ে জায়গা করে নিয়েছিল। রেজা ভাই, আপনার এই গানটা অনন্য হয়ে থাকবে। কয়েক দিন থেকে এই গানটাই গুনগুন করছি। এইটা অনেকেই কভার করবে!’ 

গানটির কথা ও সুর যখন সৃষ্টি হয় তখন একজন সন্তান তার মায়ের শরীরে কেবল আকার পাচ্ছিল ৷ সেই সুবাদে এই গান আর অনাগত সন্তানের মাঝে খুব কমই পার্থক্য করতে পারছেন গানের স্রষ্টা ও শিল্পী রেজা করিম ৷ গানটি সৃষ্টির পেছনের গল্প জানতে চাওয়া হয়েছিল তার কাছে ৷ জবাবে তিনি বলেন, 'এটি মূলত একজন সন্তানসম্ভবা একাকিনী মায়ের অনুভূতিগুলো উপজীব্য করে গাওয়া গান ৷ গানটি পুরুষ কণ্ঠে গাওয়া হলেও পুরোটাই আসলে নারী অনুভূতিকে প্রকাশ করে ৷ একজন সন্তানসম্ভবা মা একা এক বাড়িতে ৷ সে প্রবলভাবে তার সন্তানের বাবাকে কাছে চাচ্ছে কিন্তু জীবিকা ও ভাগ্যের ফেরে দুজন আলাদা জায়গায় থাকে। অনাগত সন্তানকে ঘিরে বাবা-মায়ের সুখ ও শঙ্কার মিশ্র অনুভূতি থাকে। সেগুলো প্রতিনিয়ত বিনিময় হয় একে অপরের সঙ্গে। যখন এই অনুভূতি বিনিময়ের ঘাটতি পড়ে কোনো কারণে, তখন সেটা বাবা-মা দুজনের জন্য খুবই কষ্টের ব্যাপার হয়। এই কষ্ট প্রবলভাবে একাকিত্বে ভোগায়। আর এই একাকিত্ব ঘোচাতে সেই মা কথা বলে চাঁদের সঙ্গে। পেটে থাকা অনাগত সন্তানের হাসি ভেসে আসে তার কানে ৷ এসব অনুভূতিই আমি একজন বাবা ও স্বামী হিসেবে অনুধাবন করে সুর, ছন্দে প্রকাশ করার চেষ্টা করেছি।’ 

এটি কী আপনার জীবনলব্ধ অভিজ্ঞতা? এমন প্রশ্নের জবাবে রেজা করিম বলেন, ‘অবশ্যই এটা আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া অনুভূতি থেকে পাওয়া ৷ তবে একজন বাবা, একজন স্বামী হিসেবে এটি আসলে সবার জীবনের ঘনিষ্ঠ অনুভূতির প্রকাশ। সবার সঙ্গেই এমন হয়। আমি শুধু অনুভূতিগুলো চিহ্নিত করে সুর, ছন্দে একটা অবয়ব দিয়েছি মাত্র।’ 

স্ত্রী উম্মে কুলসুম জাহান ও দুই সন্তানকে গানটি উৎসর্গ করেছেন গায়ক রেজা করিম। বড় সন্তানের নাম সারাধ ও ছোটজনের নাম ইয়াশ। মূলত ইয়াশের গর্ভকালীন তার বাবা-মায়ের প্রেম-বিরহের দ্যোতনাই এই গান ৷ এই বিষয়ে উম্মে কুলসুম জাহান বলেন, 'আমি আসলে জানতামই না যে এই গান আমাদের সেই সময়কার অনুভূতিগুলোকে পুঁজি করে লেখা ৷ যখন জানতে পেরেছি তখন আমি খুব স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। যদিও আমার একাকিত্বকে ফুটিয়ে তোলা হয়েছে এই গানে ৷ তবে সেই সময় উনিও (রেজা করিম) ভীষণ একাকিত্বে ছিলেন। যেই ঘরে তাকে রেখে আমি আরেক সন্তানসহ চলে গিয়েছিলাম, সেই ঘরে ফিরে তো তাকেও একাই থাকতে হয়েছে ৷ শুধু দেয়াল ছাড়া তো আর কিছুই ছিল না। তার একাকিত্বও আমাকে ভাবিয়েছে। সেই সব একাকিত্বের গান যখন আমাকে উৎসর্গ করা হয়েছে তখন নিজের ভেতর এক অন্যরকম ভালো লাগা ও অনুভূতি কাজ করছে। যা ভাষায় প্রকাশ করার মতো না।' 

গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক নাদিম ও জুয়েল মাহমুদ। নিজেদের কাজ সম্পর্কে নাদিম বলেন, ‘আমি খুবই খুশি যে এই কাজের অংশ হতে পেরেছি। আমার এবং জুয়েল মাহমুদের সংগীতায়োজনে গানটি সত্যিই বিশেষ কিছু হয়ে উঠেছে। আমি নিশ্চিত, গানটি একবার শোনা হলে বারবার শোনার ইচ্ছা তৈরি হবে। ধন্যবাদ রেজা করিম ভাইকে, এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।’ 

সর্বশেষ ২০১৯ সালে শহর ঢাকা নিয়ে ‘প্রিয়’ শিরোনামের একটি গান প্রকাশ করেন রেজা করিম। এর আগে ‘নিকোটিন’, ‘পাখি’, ‘পাগল’সহ তার আরও কিছু প্রকাশিত গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে। এবারের গানটি সংগীতপ্রেমীদের কাছে নতুন এক অনুভূতির মাত্রা যোগ করবে বলে এই শিল্পী আশাবাদী। দীর্ঘ বিরতির পরে নতুন গানে কেমন সারা পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হাল আমলে ভাইরাল হয়ে যাওয়া বা ট্রেন্ডি কিছু হয়ে যাওয়ার প্রত্যাশা আমার ছিল না কখনোই। তেমনি কিছু হয়নি অবশ্য ৷ তবে সারা বলতে আমি বুঝি গানটি কারও অনুভূতিকে ছুঁয়ে গেছে, স্মৃতিকাতর করে ফেলেছে কী-না? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি সারা পেয়েছে। অনেক শুভাকাঙ্ক্ষী নানা মাধ্যমে এটি শেয়ার করেছে। অনেকেই ফোন করেছেন গান শুনে। অনেকেই যার যার জায়গা থেকে গানটিকে নিজেদের অনুভূতির সঙ্গে মেলাতে পেরেছেন। সেগুলো আবার আমাকে জানিয়েছেন। একজন শিল্পী হিসেবে এর থেকে বেশি আর কী পাওয়ার থাকতে পারে বলুন? 

 ৫ বছর পর আবারও গানে নিয়ে ফিরলেন শিল্পী ও সাংবাদিক রেজা করিম। তার নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’ গানটি শোনা যাচ্ছে একই সঙ্গে ‘ওভারডোজ’ এবং রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে।