ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড গোড়ালির চোটের কারণে প্রায় সাত সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে নিশ্চিত করেছেন পেপ গার্দিওলা। তবে ক্লাব বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।
রবিবার বোর্নমাউথের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন হালান্ড। তার অনুপস্থিতি সিটির চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন ও এফএ কাপ জয়ের সম্ভাবনায় বড় ধাক্কা হয়ে এসেছে।
গার্দিওলাকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'ডাক্তাররা বলেছে, পাঁচ থেকে সাত সপ্তাহ সময় লাগবে। তবে মৌসুমের শেষের দিকে তিনি ফিরবেন এবং ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন।'
সিটি বর্তমানে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে, হাতে আছে ৯ ম্যাচ। ২৬ বা ২৭ এপ্রিল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে লড়বে দলটি। যদি হালান্ড সাত সপ্তাহের জন্য ছিটকে যান, তাহলে ১৭ মে ফাইনালে পৌঁছালেও তাকে পাবে না সিটি। তবে ২৫ মে ফুলহামের বিপক্ষে শেষ লিগ ম্যাচের জন্য ফিট হতে পারেন তিনি। ১৮ জুন মরক্কোর ক্লাব উইদাদের বিপক্ষে সিটির ক্লাব বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
বোর্নমাউথের বিপক্ষে হালান্ডের পরিবর্তে নামা ওমর মারমুশ জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। মারমুশকে নিয়মিত নং ৯ হিসেবে ব্যবহার করা হবে কি না—এমন প্রশ্নে গার্দিওলা বলেন, 'আমরা সমাধান খুঁজব। তার (হালান্ডের) মতো গুণাবলি আর কারও নেই। আমাদের মানিয়ে নিতে হবে। বাকিদের গোল করার দায়িত্ব নিতে হবে, বিশেষ করে বক্সের কাছে। কারণ হালান্ড শুধু গোলের জন্য নয়, দীর্ঘ পাস ও আক্রমণেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
এদিকে, সিটি বুধবার লেস্টারের বিপক্ষে ঘরের মাঠে নামবে, যেখানে টিকিটের মূল্যবৃদ্ধি ও ভায়াগোগো নামক টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তির কারণে প্রথম নয় মিনিট দর্শকদের আসন খালি রাখার প্রতিবাদ দেখা যেতে পারে। গার্দিওলা এ প্রসঙ্গে বলেন, 'ভক্তরা তাদের মত প্রকাশ করতে পারছে, এটাই দলের জীবন্ত থাকার প্রমাণ। আমরা তাদের প্রথম মিনিট থেকেই দরকার। ক্লাব সিদ্ধান্ত নেয় ক্লাবের স্বার্থে, তবে আমরা দুই পক্ষের কথাই শুনব এবং সমাধান খুঁজব।'