চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে পৌঁছালে চালক ‘হার্ড ব্রেক’ করেন। এতে বাসটির সামনের অংশ ঘুরে গিয়ে মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস বাসটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী এবং দুইজন মেয়েশিশু রয়েছে। এক শিশুর বয়স ১২ বছর এবং অপর শিশুটির বয়স ৭ বছর। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত কয়েকদিনে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ তরুণ নিহত হন এবং নয়জন আহত হন। এছাড়া, গতকাল মঙ্গলবার ভোররাতে পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে গেলে ৯ জন আহত হন।
পুলিশের ধারণা, চুনতি জাঙ্গালিয়া এলাকার বিপজ্জনক বাঁকগুলোর কারণেই এসব দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর এলাকাবাসী সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।