ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন ‘ব্যাটম্যান’ খ্যাত হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। তিনি কণ্ঠনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার নিউমোনিয়াও ছিল। তার বয়স হয়েছিল ৬৫ বছর। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা। ১৯৫৯ সালে লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। ১৯৬৮ সালে ভ্যাল ‘আইসম্যান’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। ১৯৮৬ সালে টম ক্রুসের সঙ্গে পর্দা ভাগ করেন ‘টপ গান’ সিনেমায়। একে একে তার ঝুলিতে জমা হয়েছে ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরেউ’, ‘দ্য সেন্ট’র মতো সিনেমা। ভ্যাল কিলমারের ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে। ২০২১ সালের জুলাইয়ে তার জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভ্যাল’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল সদ্যপ্রয়াত এ অভিনেতাকে।