ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। পুষ্টি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করেন টুকটাক। এবার তিনি হয়ে গেলেন ক্রিকেট দলের মালিক। তবে মাঠের খেলায় নয়, ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’ -এ মুম্বাইয়ের দল কিনেছেন সারা।
এনডিটিভি জানিয়েছে, ইন্টারনেটে ‘রিয়াল ক্রিকেট’ নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এটা হতে যাচ্ছে লিগটির তৃতীয় মৌসুম। প্রথম মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে ২ লাখ মানুষ এতে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লাখ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা। স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার মতো চ্যানেলগুলোতে এই খেলা দেখানো হয়।
ক্রিকেট পরিবারের সদস্য সারা দলের মালিক হয়ে উচ্ছাস প্রকাশ করেছেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।’