প্রেম করতে পারবেন না চীনে নিযুক্ত মার্কিন কূটনীতিকেরা!

চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা কোনও চীনা নাগরিকের সঙ্গে প্রেম করতে পারবেন না। এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। শুধু মার্কিন কূটনীতিকেরাই নন, তাদের পরিবারের সদস্যও কোনও চীনা নাগরিকের সঙ্গে প্রেম করতে পারবেন না। একই কড়াকড়ি জারি করা হয়েছে সে দেশে কাজের জন্য ছাড়পত্র পাওয়া ঠিকাদারদের ক্ষেত্রেও।

সংবাদ সংস্থা ‘এপি’ জানায়, সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস চীন ছাড়ার কিছু দিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন। চীনে নিযুক্ত মার্কিন কর্মকর্তাদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে কোনও চীনা নাগরিকের সঙ্গে প্রেম করছেন, তারা সিদ্ধান্ত থেকে ছাড় পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে পারেন। তবে তাতে কর্তৃপক্ষের সম্মতি না-মিললে হয় সম্পর্ক ভাঙতে হবে কিংবা পদ ছাড়তে হবে। কেউ এই নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে তাকে চীন থেকে ফিরিয়ে আনা হবে।

যুক্তরাষ্ট্রের কিছু কিছু সংস্থার কর্মকর্তাদের ক্ষেত্রে এই ধরনের কড়াকড়ি আগেও ছিল। তবে চীনে কর্মরত কর্মকর্তাদের জন্য এই ধরনের নীতি এই প্রথম নেওয়া হয়েছে। মার্কিন কূটনীতিকরা অন্য দেশে গিয়ে স্থানীয়দের সঙ্গে প্রেম ও বিয়ে করেছেন এমন নজিরও রয়েছে।

এই সিদ্ধান্তের কথা এমন সময়ে প্রকাশ্যে এসেছে যখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপড়েন চলছে। আমেরিকার নতুন শুল্কনীতিকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দফতর থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। ওই রিপোর্টে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি হিসাবে চীনকে চিহ্নিত করা হয়েছে।