নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা করেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। ঘটনার পাঁচদিন পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, মামলা না হওয়ায় রবিবার আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ করেন। ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার ওপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে।
স্থানীয় বাসিন্দা পারভেজ বলেন, তখন ভুক্তভোগীদের পরিবারের পাশে কেউ ছিল না। স্থানীয়রা নানাভাবে সালিশ বিচারের মাধ্যমে সমাধান করতে চেয়েছে। এতে আলামত নষ্ট হয়েছে। তবে আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।
কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরও জানান, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খোকসায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার : কুষ্টিয়ার খোকসায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক বৃদ্ধ আফজাল কাজীকে (৫৫) গত বুধবার গভীর রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
১ এপ্রিল রাতে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। আনুমানিক রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী রওনা হয়। পথিমধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে। পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। এরপর ধর্ষণের ঘটনা বেরিয়ে আসে।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা করেন। ধর্ষক বৃদ্ধ আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।