বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দ্রুত নির্বাচনের দাবি কিন্তু দেশের জনগণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের যে আকাক্সক্ষা, এই সরকার দ্রুত পূরণ করবে বলে আশা করি। আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোর্ডম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। যে উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়।