ক্রীড়াবিদদের মাঝে কুসংস্কার নতুন কিছু নয়। সকল সময়েই বহু ক্রীড়াবিদের মাঝে এই কুসংস্কার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন যা করে আসছেন, সেটা কুসংস্কারের চেয়েও যেন বেশি কিছু! তিনি নাকি আট বছর ধরে একই অন্তর্বাস পরে প্রতিটি ম্যাচ খেলছেন!
বিবিসির ‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানে এদেরসন নিজেই জানিয়েছেন এই তথ্য। ৩১ বছর বয়সী গোলকিপারের ভাষায়, ‘আমার একটি মাত্র কুসংস্কারই আছে। একই অন্তর্বাস পরে সব ম্যাচ খেলি।’ তার এমন কথায় হতবাক হয়ে সঞ্চালক শে গিভেন পাল্টা প্রশ্ন করেন, ‘কী, পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস?’ জবাবে একটু হেসে সিটি গোলকিপার বলেন, ‘না, ৮ বছর ধরে একই অন্তর্বাস।’
ব্রাজিলিয়ান গোলকিপারের এই বক্তব্য শুনে ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার শে গিভেন আরও অবাক হয়ে যান। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘কী বলছেন! সেটা (অন্তর্বাস) তো তাহলে খুব একটা ভালো অবস্থায় নেই।’
এদেরসনের এই কুসংস্কার যে কাজে লেগেছে, সেটা কিন্তু দৃশ্যমান। ৮ বছর আগে ২০১৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তিনি ম্যান সিটিতে যোগ দেন। এরপর একে একে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগের শিরোপা, চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ ও একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। যদিও চলতি মৌসুমে ম্যান সিটির অবস্থা করুণ। এদেরসনও মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪৫ গোল হজম করেছেন।