যুদ্ধ না থামালে ফুটবলে ফেরা হবে না রাশিয়ার

২০১৮ সালে যারা বিশ্বকাপ আয়োজন করেছিল, সেই রাশিয়া গত আড়াই বছর ধরে ফুটবলের বাইরে। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়াকে ফুটবল আঙিনা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফিফা ও উয়েফার কোনো প্রতিযোগিতায় তাদের জাতীয় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। রাশিয়ার কোনো ক্লাবও খেলতে পারছে না ইউরোপিয়ান বা বৈশ্বিক কোনো টুর্নামেন্টে।

প্রশ্ন হলো, রাশিয়া কবে ফুটবল দৃশ্যপটে ফিরে আসবে? এই প্রশ্নের একটা জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সার্বিয়ার বেলগ্রেডে বৃহস্পতিবার উয়েফার তিনি বলেন, যুদ্ধ শেষ হলেই রাশিয়াকে আবার ফুটবলে দেখা যাবে, ‘ইউক্রেন ইস্যুতে শান্তি স্থাপনের আলোচনা চলছে। আশা করি, দ্রুতই আমরা পরের ধাপে যেতে পারব এবং রাশিয়াকে বিশ্ব ফুটবলে ফেরাতে পারব। আশা করি সব সমস্যারই সমাধান হয়ে যাবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার চেষ্টা করছেন। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ইনফান্তিনো আরও বলেছেন, ‘সমস্যা সমাধানকে আমরা স্বাগত জানাতে চাই। এর জন্যই প্রার্থনা করতে হবে। ফুটবল মানে বিভাজন নয়। ছেলে হোক বা মেয়ে হোক, পৃথিবীরে যে কোনো স্থানেই থাকুক না কেন, ফুটবল মানে হলো সবাইকে একতাবদ্ধ করা।’