মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে ফরাসি মদ, দুগ্ধজাত পণ্য ও স্পিরিটস শিল্প—এমন আশঙ্কায় ফ্রান্সের প্রধান শিল্পখাতের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন ম্যাখোঁ।
এ সময় তিনি ইউরোপীয় কম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ আপাতত স্থগিত রাখার আহ্বান জানান এবং মার্কিন শুল্ক নীতিকে নির্মম ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন প্রতীকি পণ্যের যেমন: হার্লি-ডেভিডসন বাইক, জিন্স ও কমলা রস—ওপর শুল্ক আরোপের প্রস্তুতির কথা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা শুধু ট্রান্স-আটলান্টিক বাণিজ্য সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক পাশাপাশি কূটনৈতিকভাবেও এটি ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ম্যাখোঁর নেতৃত্বে ইউরোপ এখন যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে উদ্যোগী হচ্ছে।