শ্রদ্ধা আর সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে, সেই চোখ রাঙানিকে আর মেনে নেওয়া হবে না। শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ।
আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি একথা বলেন।
সারজিস আলম বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন। তাই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এনসিপি। ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যদিও এটি দলের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরেও দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।