জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় মেহেদী মাহাদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌর শহরের শিমলা পল্লী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী মাহাদ ওই এলাকার ইতালি প্রবাসী মো. লাঞ্জু মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাউসী পপুলার মোড় এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে কথা বলার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ঘুরতে বের হন মেহেদী। ঘুরতে গিয়ে তিনি একসময় বাউসী রেলওয়ে ব্রিজের দক্ষিণ পাশে রেললাইনের স্পারের ওপর দাঁড়িয়ে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে বাউসী রেলব্রিজ অতিক্রম করছিল। কানে হেডফোনে থাকায় মেহেদী ট্রেনের উপস্থিতি টের পাননি। সঙ্গে সঙ্গেই ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে জানান, বাউসী এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।