বেড়াতে গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর রাহিত নামে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বিকালে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া নির্মাণাধীন সেতুর নিচে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।

রাহিত টাঙ্গাইল সৃষ্টি স্কুলের এবার এসএসসি পরীক্ষার্থী। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানার বাড়ি উপজেলা জোকারচর বেড়াতে আসে। দুপুর ২টার দিকে সে লৌহজং নদীতে আরও কয়েকজন কিশোর সঙ্গে গোসল করতে যায়। এ সময় নদীতে পড়ে পানির স্রোতের সঙ্গে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায় রাহিত।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।