মাওয়ায় কার্টনবন্দি অজ্ঞাত খন্ডিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত পুরুষের খ-িত অংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় পথচারীরা কার্টনবন্দি অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। এ বিষয় নিশ্চিত করেন পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

তিনি দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি, ফলের একটি কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত পুরুষের মাথা ও শরীরের একটি খন্ডিত অংশ ফেলে রেখে  গেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি নিশ্চিত করেছি। তারা ঘটনাস্থলে এলে শনাক্ত কার্যক্রম চালানো হবে। তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই টিম এসে ফেস ও ফিঙ্গারপ্রিন্ট দেখে শনাক্ত করবে।

ওসি আরও বলেন, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই আরও একটি মরদেহ উদ্ধার করেছে। সেখানেও শরীরের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। সরেজমিনে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই টিমের জন্য পুলিশের টিম অপেক্ষায় রয়েছে।