কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালো রঙের কালি লাগিয়ে চিত্র বিকৃত করার অভিযোগ উঠেছে। এ ছাড়া নামের বানানও বিকৃতি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্রভক্তরা। তবে কে বা কারা কবে কখন এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ম্যুরালটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর প্রবেশপথ জিলাপীতলা এলাকায় অবস্থিত।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল। ম্যুরালে থাকা কবির ছবির মুখম-ল কালো রঙে ঢাকা। রবীন্দ্রনাথ ও ঠাকুর বানান দুটিও বিকৃত করা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ম্যুরাল চত্বরটিতে জন্মেছে আগাছা লতাপাতা। চটে গেছে রঙ। সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও তা অকেজো। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
বিজয় কুমার জোয়ার্দার বলেন, কে বা কারা কখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগিয়েছে তা জানা যায়নি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া খুব দ্রুতই ম্যুরালটির সংস্কারকাজ করা হবে।
প্রশাসনের নজরদারি নেই। অবহেলা-অযত্নে ম্যুরালটি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কালি লাগানো। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে আমার মনে হয় বিকৃত রুচির কোনো ধর্মান্ধ গোষ্ঠী এমন কাজ করে থাকতে পারে।