শ্রীপুরে খাবার নিয়ে মারামারিতে ভেঙে গেল বিয়ে

গাজীপুরের শ্রীপুরে বিয়েবাড়ির অনুষ্ঠানে খাবার নিয়ে কথা কাটাকাটির পর দুপক্ষের মারামারিতে বিয়েই ভেস্তে গেছে।  বরপক্ষের হামলায় কনের বাবা-মাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের লোকেরা পালিয়ে যায়। কয়েকজনকে আটকে রাখা হলেও পরে ছাড়িয়ে নেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে রয়েছেনÑ পাত্রীর বাবা রুবেল হোসেন, মা মিলনা আক্তার, আত্মীয় নাসরিন বেগম, পারভেজ আলম, আলমগীর হোসেন।

কনের বাবা রুবেল হোসেন বলেন, বিয়ের অনুষ্ঠানে ছেলের বাড়ি থেকে (বরপক্ষের) ৩০ জন বরযাত্রী (মেহমান) আসার কথা থাকলেও তারা অন্তত ১০০ জন এসে উপস্থিত হন। এতে শুরুতে সামান্য খাবার সংকট সৃষ্টি হয়। তখন কয়েকজন বরযাত্রী মেহমানদের খাবারে বসিয়ে অন্যদের জন্য দ্রুত খাবার রান্না করা শুরু হয়। এ সময় অল্প কয়েকজন ছাড়া সবাইকেই খাবার দেওয়া হয়। কিন্তু কোনো একটি টেবিলে মাংসের বাটি পাঠাতে দেরি হওয়ায়  সেখানে হট্টগোল বাধে। এ সময় তাদের কয়েক মিনিট ধৈর্য ধরার কথা বলা হলে ক্ষিপ্ত হয়ে তারা মারামারি বাধিয়ে দেয়। এ সময় তাদের মারধরে আমাদের কমপক্ষে ১৫ জন মানুষ আহত হয়।