ব্রাজিলের ডাগআউটে আসতে পারেন জেসুস, সিদ্ধান্ত জুনের আগেই

দোরিভাল জুনিয়রের বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কে হবেন, সেই প্রশ্নে উত্তেজনা তুঙ্গে। শুক্রবার (স্থানীয় সময়) এই নিয়ে জরুরি বৈঠকে বসেছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সভায় উপস্থিত ছিলেন সভাপতি এডনালদো রদ্রিগেস, পুরুষ জাতীয় দলের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর হুয়ান।

সভা শেষে সিবিএফ সভাপতি জানিয়েছেন, নতুন কোচের নাম ঘোষণা করা হবে জুন মাসের ফিফা উইন্ডোর আগেই। কারণ, সামনেই রয়েছে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ—সেই জন্যই দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ফেডারেশন।

সবচেয়ে আলোচনায় থাকা নাম—জর্জ জেসুস। সৌদি ক্লাব আল-হিলালের এই কোচকে যখন আল-হিলাল ও আল-নাসরের মধ্যকার ডার্বির পরে জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কিছু বলেননি; শুধু একটি ‘থাম্বস আপ’ দেখিয়ে উত্তর দেন। ওই ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল।

সিবিএফ-এর কার্যনির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো সভার বিষয়ে বলেন, 'আমরা সভাপতি এডনালদোর সঙ্গে নিয়মিত বৈঠক করছি। হুয়ানও কিছু বৈঠকে অংশ নিয়েছেন। মূল লক্ষ্য—ব্রাজিল জাতীয় দলের জন্য উপযুক্ত কোচ নির্বাচন। সিদ্ধান্ত নেওয়া মাত্রই আমরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করব, যেন দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করা যায়।'

কাইতানো আরও জানান, কোচ খোঁজার এই প্রক্রিয়ায় বিদেশি ম্যাচ পর্যবেক্ষণও চলছে। সেই সূত্রে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ) এবং পর্তুগিজ কোচ হোসে মরিনহো (বর্তমানে ফেনারবাচে)–এই দুই অভিজ্ঞ কোচও রয়েছে বিবেচনায়।

'আমাদের নির্বাচন বিভাগ নিয়মিত রিপোর্ট দিচ্ছে, মাঠ পর্যবেক্ষণ করছে এবং দেশের বাইরে প্রতিযোগিতাগুলো পর্যবেক্ষণ করছে। এই কাজ প্রতিদিনের এবং ধারাবাহিকভাবে আগেও হয়ে এসেছে,' যোগ করেন কাইতানো।

সবমিলিয়ে, ব্রাজিলের ডাগআউটের নতুন কাণ্ডারি কে হবেন, তা জানতে খুব বেশি দেরি নেই। তবে জর্জ জেসুস, আনচেলত্তি না কি মরিনহো—এই ট্রায়ো থেকে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার।