বাংলাদেশের জার্সি গায়ে রোনান সুলিভানের ইঙ্গিতপূর্ণ বার্তা

একটা সময় কুইন সুলিভান ও কাভান সুলিভানকে নিয়ে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এখন দুই ভাই-ই মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ পর্যায়ে খেলে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দোরগোড়ায়। ফলে আপাতত তাদের নিয়ে ভাবনা স্থগিত রেখে এবার নজর দেওয়া হয়েছে তাদেরই দুই ছোট ভাই—রোনান ও ডেকলান সুলিভানের দিকে।

ফিলাডেলফিয়া একাডেমির এই দুই প্রতিভাবান মিডফিল্ডারকে বাংলাদেশ দলে আনতে ইতোমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাফুফে। আর সেই প্রক্রিয়াতেই এক বড় ইঙ্গিত দিয়ে দিলেন রোনান। বাংলাদেশের পতাকা ও বাফুফের লোগো ছাপানো জ্যাকেট পরে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যা দেখে ফুটবলপ্রেমীরা ধরে নিচ্ছেন—স্বপ্নের সেই সংযোগ এখন কেবল সময়ের অপেক্ষা।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ‘কুইন ও কাভানকে আপাতত বিবেচনায় রাখছি না। ওরা এমএলএসের শীর্ষ ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ডাক পেতে পারে। তাই বাস্তবতা বুঝে আমাদের পরিকল্পনা সাজাতে হচ্ছে। এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

কিন্তু আশা হারায়নি বাফুফে। এখন লক্ষ্য রোনান ও ডেকলান। ফাহাদ করিম বলেন, ‘ফিলাডেলফিয়ার একাডেমিতে থাকা দুই ভাইয়ের বাবার সঙ্গে প্রথমবার গতকাল রাতে কথা হয়েছে। তিনি বেশ স্বস্তিবোধ করেছেন বলেই মনে হয়েছে। আমরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা আগ্রহী। যদি সময়টা মিলে যায়, তাহলে ওরা বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত। এতে কোনো সন্দেহ নেই।’

ইনস্টাগ্রামে রোনানের বাংলাদেশের জার্সি পরা ছবি যেন এই আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন একটাই—কবে বাংলাদেশের হয়ে মাঠে দেখা যাবে রোনান আর ডেকলান সুলিভানকে? উত্তর দেবে সময়ই। তবে আপাতত স্বপ্ন দেখতেই পারে লাল-সবুজ।