ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানোৎসব অনুষ্ঠানে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি ওই গ্রামের রাজ কুমার চন্দ্র দে’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে রাম লাল চন্দ্র দে পরিবারের সদস্যদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে স্নান করতে আসেন। স্নান শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে পাড়ে উঠে তিনি ক্রাচে ভর দিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তবে, হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
রাম লাল চন্দ্র দে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে জানান, ‘বাবা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান করে উঠেই তিনি মৃত্যুবরণ করেছেন। এখন মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং ধর্মীয় রীতি অনুসারে শবদাহের ব্যবস্থা করা হবে।’
স্থানীয়রা এবং পুলিশ ধারণা করছেন, শারীরিক অসুস্থতার কারণে স্নান শেষে রাম লাল চন্দ্র দে মারা গেছেন।
রাম লালের মৃত্যু সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, ‘রাম লালের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’