বাংলাদেশের মানুষ ফুটবল কতটা ভালোবাসেন, তার প্রমাণ মেলে বিশ্বকাপের সময়। নিজেদের দেশ অংশ না নিলেও ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে থাকে উন্মাদনা। তবে এবার উচ্ছ্বাসের কারণ দেশের ফুটবলে।
কিছুদিন আগে ভারতের মাটিতে স্বাগতিকদের রুখে দিয়েছে বাংলাদেশ। এতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে লাল-সবুজের। এই সাফল্যের নেপথ্যের বড় নায়ক হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মিডফিল্ডার গত ২৫ মার্চ প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন।
অভিষেক ম্যাচেই হামজা ভক্তদের মন জয় করেছেন। তাইতো তাকে ঘিরে এখন ফুটবল উৎসব চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর ছাপ স্পষ্ট। অভিষেকের এক মাসও হয়নি, এর মধ্যেই ফেসবুকে হামজার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক মিলিয়ন বা ১০ লাখ।
ভক্তদের ভালোবাসায় আপ্লুত হামজা ফেসবুকে লেখেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’
গত বছরের ৮ অক্টোবর নিজের নামে ফেসবুক পেজ খুললেও হামজা খুব বেশি সক্রিয় ছিলেন না। তবে বাংলাদেশে আসার পর ছেলেবেলার কিছু ছবি দিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি।
এই ভিডিও ভাইরাল হয়ে দর্শকদের মন ছুঁয়ে গেছে। ইতিমধ্যেই ৫৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি। হামজার দেশপ্রেমের গল্প ভাইরাল হওয়ার পরই ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ছুঁয়ে ফেলে নতুন মাইলফলক। এ যেন দেশের ফুটবলের প্রতি ভক্তদের অকুণ্ঠ ভালোবাসারই এক অনন্য প্রকাশ।