নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে পাকিস্তান। আজ শনিবার শেষ ওয়ানডেতে তারা হেরেছে ৪৩ রানে। এই ম্যাচে পাকিস্তানের ১২ ব্যাটারকে ব্যাটিং করতে দেখা গেছে। দ্বিতীয় ওয়ানডেতেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু ক্রিকেটের আইনে কোনো দলে ১১ জনের বেশি ক্রিকেটার থাকতে পারেন না। তাহলে কীভাবে ঘটল ঘটনাটি?
রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় ওভারে সিঙ্গেল নিতে গিয়ে নিউজিল্যান্ডের এক ফিল্ডারের থ্রো ইমাম উল হকের হেলমেটে লাগে। মাঠ ছেড়ে যেতে হয় এই ওপেনারকে। তার কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন উসমান খান। সুতরাং পাকিস্তানের ১২ জন ব্যাটিং করেছে। ৭ বলে ১ রান করা ইমামের জায়গায় খেলতে নেমে উসমান ১২ রানের বেশি করতে পারেননি।
আগের ম্যাচেও পাকিস্তানের ব্যাটিংয়ের সময় কনকাশন বদলির ঘটনা ঘটেছিল। সেদিন হারিস রউফের বদলি নেমে নাসিম শাহ খেলেছিলেন ৪৪ বলে ৫১ রানের ইনিংস। টানা দুই ম্যাচে কনকাশনের কারণে ১২ জনকে ব্যাটিংয়ে পাঠানোর ঘটনা ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। তবে ১২ জন খেলিয়েও পাকিস্তানের কোনো লাভ হয়নি। নিউজিল্যান্ডের তোলা ৮ উইকেটে ২৬৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান অল-আউট হয়েছে ২২১ রানে।