শাহজাদপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার ‘দোল ভিটা মিলন সংঘ’ মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দিরে থাকা লক্ষ্মী, সরস্বতী, গণেশসহ মোট ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, ঐতিহ্যবাহী এ মন্দিরে যুগ যুগ ধরে পূজা-অর্চনা হয়ে আসছে। এখানে কখনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি।  হিন্দু -মুসলিম সবার আন্তরিক সহযোগিতায় পূজা উদযাপন হয়ে থাকে। আজ হঠাৎ কে বা কারা রাতের আঁধারে এসে প্রতিমা ভাঙচুর করে চলে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুষ্কৃতিকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, ঘটনার আলামতসহ আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতিকারীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।