ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবারের (৪ এপ্রিল) এ বৈঠক বাংলাদেশ ও ভারতে বেশ আলোচিত। বিশেষ করে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির আচরণ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বৈঠকে মোদি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। শনিবার (৫ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা জানান।
শফিকুল আলম আরও লিখেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।
পোস্টে তিনি লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করেন। ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে।
তিনি বলেন, এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।