ফরিদপুরে চোরকে চিনে ফেলায় প্রবাসীকে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় চোরের আঘাতে জামাল মাতুব্বর (৫৫) নামে এক প্রবাসী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মাতুব্বর ওই গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে।

জানা গেছে, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে গত এক মাস আগে তিনি দেশে আসেন। রাতে একদল সংঘবদ্ধ চোর ঘরের জানালার লক কেটে ঘরে ঢুকে পড়ে। চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় লোহার রড দিয়ে জামালের গোপনাঙ্গে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় চক্রটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী জানান, প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।