পটুয়াখালীর কলাপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সোহাগ হাওলাদারের (২৭) নামে এক যুবক ওই নারীকে (২৩) ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছেন। সোহাগ সম্পর্কে ভুক্তভোগীর মামাতো দেবর। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি বাড়িতে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
ভুক্তভোগী জানায়, আত্মীয়তার সুবাদে প্রতিবেশী সোহাগ প্রায়ই তাদের ঘরে যাওয়া আসা করত। প্রায় আড়াই বছর আগে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সোহাগ এবং ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তিনি আরও কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করেন। সর্বশেষ গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগীর স্বামী নদীতে মাছ শিকারে গেলে সোহাগ রাতে আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী বাধা দেয় এবং ফোনে স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ভুক্তভোগীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।