বগুড়ার ৭ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখা ৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শনিবার (৫ মার্চ) দুপুরে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে এ প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বগুড়ার ৭টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন,  বগুড়া-১ আসনে কেন্দ্রীয় পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনে অধ্যক্ষ শাহাদাতুজ্জামান,  বগুড়া-৩ আসনে নূর মো. আবু তাহের, বগুড়া-৪ আসনে অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ আসনে আলহাজ্ব দবিবুর রহমান, বগুড়া-৬ আসনে আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনে গোলাম রব্বানীকে প্রার্থী করা হয়েছে। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া নির্বাচন হলে চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে। 

রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারা মূলত শেখ হাসিনার দুঃশাসনকেই ফিরিয়ে আনতে চায়। যারা নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাতে সাহস পায়নি, তারাই এখন গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। সরকারের ভেতরে-বাইরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে।’ 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন (ইফসু)'র সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

অনুষ্ঠান শেষে এক বিশাল র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ছাত্রশিবিরের দুই হাজারেরও বেশি সাবেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।