হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে পুণ্যার্থীদের ঢল নেমেছে।
শনিবার ভোর ৬টা থেকে উপমহাদেশের আধ্যাতিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এলাকায় পুণ্যার্থীদের ঢল চলে সন্ধ্যা পর্যন্ত। এদিকে অষ্টমীর স্নানকে ঘিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে বিশাল এলাকাজুড়ে চলে উৎসবমুখর পরিবেশ। স্নানোৎসবে জগতের কল্যাণ কামনায় পূজা অর্চনা ও প্রার্থনা করেন পুণ্যার্থীরা।
চট্টগ্রাম এলাকার পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এসে পূজা অর্চনা করেন।