গাজীপুর

ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠতা, ছাত্রদল নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সাংগঠনিক নিয়মবিরোধী বিতর্কিত মন্তব্য করায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা।

শনিবার (৫ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে মহানগর ছাত্রলীগ নেতাদের সঙ্গে মিরণের ঘনিষ্ঠতা ও গোপন যোগাযোগের অভিযোগ আনা হয়। শনিবার বিকেলে নগরীর টঙ্গী পশ্চিম থানা, টঙ্গী পূর্ব থানা, টঙ্গী সরকারি কলেজ শাখা এবং গাছা থানা ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আল রাব্বি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ শুভ, রাকিবুল ইসলাম রাকিব, ইয়াসির খানের নেতৃত্বে শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় কলেজ গেট থেকে চেরাগআলী মার্কেট পর্যন্ত, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক পারভেজ, হৃদয় হোসেন ও রাফির নেতৃত্বে একই মহাসড়কের চেরাগআলী মার্কেট থেকে পাইলট স্কুল মার্কেট পর্যন্ত, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আদিল মাহমুদ নিপুন ও সৈকতের নেতৃত্বে কলেজ গেট এলাকা এবং নগরীর গাছা থানা ছাত্রদলের  সভাপতি পদপ্রার্থী আতিক উল্লাহ খান, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মো. গোলাম রাব্বানী ও নাজমুল ইসলামের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এসব সমাবেশে বক্তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।