বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধভাবে মাছ শিকার

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে বাঁধ দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। এসব ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছ। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের অভয়ারণ্য। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর হতে ৮ কিলোমিটার দুরে দয়ারামপুরের নন্দীকুজা এলাকায় নদীর উপর প্রায় ১ কি.মি এলাকা জুড়ে অসংখ্য সুতিজালের বাঁধ সৃষ্টি করা হয়েছে। ফলে একদিকে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি অপর দিকে বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার। ওই এলাকায় ছোট ডিংগী নৌকা নিয়ে অবৈধ চায়না দুয়ারি জালে চলছে অবাধে মৎস্য শিকার।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু মৎস্য শিকারীদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার। 

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক সাত্তার জানান, জেলেদের মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে। তারপরও যদি তারা এগুলো উঠিয়ে না নেয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’