সূর্যটা যেন শনিবার একটু বেশিই আলো ছড়াচ্ছিল প্যারিসের আকাশে। পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে উৎসবের আমেজ। কারণ, প্যারিস সেইঁ জার্মেই জিতল তাদের রেকর্ড গড়া ১৩তম লিগ ওয়ান শিরোপা—আর তা ছয় ম্যাচ হাতে রেখেই!
তাদের প্রতিপক্ষ ছিল নিচের সারির দল অজেঁর। ম্যাচের একমাত্র গোলটি আসে তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ের পা থেকে।
খেলার শেষে কোচ লুইস এনরিকে নিয়ে খেলোয়াড়, স্টাফরা উৎসবে মেতে ওঠে। চারপাশে উচ্ছ্বাস, গ্যালারিতে পতাকা ওড়ানো আর খেলোয়াড়দের নাচ।
এই শিরোপা ছিল বিশেষ—২০১১ সালে কাতার-সমর্থিত কিউএসআই ক্লাবটি কেনার পর এটা ছিল পিএসজির ১১তম লিগ জয়। এর আগে তারা লিগ জিতেছিল ১৯৮৬ ও ১৯৯৪ সালে।
গল্পের শেষটা আরও রঙিন হতে পারে আগামী ২৪ মে, যদি তারা রিমসকে হারিয়ে ফরাসি কাপও জিতে নেয়। চ্যাম্পিয়নস লিগ শিরোপা দৌড়েও আছে পিএসজি।