পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে খুলেছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আদালত। একইসঙ্গে অফিস সময়ও ফিরছে আগের সূচিতে—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবীদের পদচারণায় আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে অফিসপাড়া। অফিস খোলা থাকলেও অনেকে ছুটি থাকায় তেমন ভিড় দেখা যায়নি। তবে আজ থেকে যানজটের নগরী অনেকটা ফিরেছে তার পুরনো রূপে।
এদিকে, ঈদের ছুটি শেষে বন্ধ থাকা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর স্বল্পমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও আজ থেকে পুনরায় চালু হয়েছে। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে টিসিবির এই কার্যক্রম অনেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস। এরপর ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা ছুটির ধারা। এ বছরের ঈদুল ফিতর উদযাপন হয় ৩১ মার্চ (সোমবার)।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ছিল সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ এবং ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়। ৩ এপ্রিল ছুটি দেওয়া হয় নির্বাহী আদেশে। সব মিলিয়ে পাঁচ দিনের ঈদ ছুটির সঙ্গে দুই দফায় শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে ছুটির পরিমাণ দাঁড়ায় ৯ দিনে।
এই ৯ দিনের ছুটিতে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করেছেন। এখন আবারও শুরু হয়েছে নিয়মিত কর্মজীবনের পথচলা।