টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরুন কুমার টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকা যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে। 

জানা গেছে, টঙ্গী কলেজ গেইট এলাকায় সকাল ১০টার দিকে অরুন কুমার মল্লিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার এস আই ফরিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। হাসপাতালে গিয়ে মরদেহ পুলিশের হেফাজতে নিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।