বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে: বিডার নির্বাহী পরিচালক

বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আগামীকাল ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে ৫ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারিকে পুরস্কার দেওয়া হবে।

আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।