হকির জাতীয় দলে দুই নতুন মুখ

এশিয়ান হকি ফেডারেশন আয়োজিত এএইচএফ কাপের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড়-ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। এছাড়া ৬ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ, যা একই সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল রাতে দেশ ছাড়ার কথা রয়েছে দলের।

এএইচএফ কাপের জন্য দল গঠনের লক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি কুপার টেস্টে অংশ নেন ৫৭ জন খেলোয়াড়। সেখান থেকে বাছাইকৃত ৪৫ খেলোয়াড় নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয় ক্যাম্প। কিছু দিন ক্যাম্প করার পর গত ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। পরের ধাপে ৩৩ থেকে ২৪-এ নামিয়ে আনা হয় খেলোয়াড় সংখ্যা। এর পর আজ চূড়ান্ত স্কোয়াড দিলেন দশ বছর পর দায়িত্বে আসা জাতীয় দলের কোচ আ ন ম মামুন উর রশিদ।

এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

১৮ জনের জাতীয় হকি দল:

হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

স্ট্যান্ডবাই:

মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।