বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন বলেছেন, মেয়াদোত্তীর্ণ হওয়া, নানান অনিয়ম ও দুর্নীতির কারণে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি'র কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণা করা হবে।
তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সদস্য সকল সাংবাদিকদের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত সরকারের দোসররা সুযোগ নেবে।
রবিবার (৬ এপ্রিল) বিকেল ৩ টায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত জরুরি মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, নতজানু ও দলকানা সাংবাদিকদের কারনে দেশ পিছিয়ে গেছে, উত্থান ঘটেছে ফ্যাসিবাদের। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদ আজ সুদুর পরাহত। ফলে সাংবাদিকতার আত্মিক মৃত্যু ঘটেছে। পতিত হাসিনার লালিত মিডিয়ার কারনে দেশের মানুষ সঠিক ও নির্ভূল সংবাদ থেকে বহুদূর পিছিয়েছে।
তিনি বলেন, এখন সময় এসেছে বাস্তবতা ও সত্যের লালন এবং ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে। এ ব্যাপারে সকলের সম্মিলিত প্রয়াসে ও সাংবাদিকদের দৃঢ ঐক্যের কোনও বিকল্প নেই।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য মো. কামাল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের জরুরি সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সহসভাপতি এমআর মাহবুব, সিনিয়র সদস্য আবু ছিদ্দিক ওসমানীসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সদস্য এসএম আমিনুল হক, আতাহার ইকবাল, শামসুল হক শারেক, ইবনে আমিনসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র সদস্যবৃন্দ।