ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে গুরুতর আহত মা জুলেখা খাতুন মারা গেছেন। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন। মৃত জুলেখা খাতুন (৬০) ভূজপুর ইউনিয়নের ভোঁলা গাজীর বাড়ির আলী আহমেদের স্ত্রী।

জানা গেছে, গত ৩ এপ্রিল তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করলে তাকে রক্ষা করতে গিয়ে ছেলের দায়ের কোপে মা জুলেখা খাতুনসহ মাসুম গুরুতর আহত হন। গত শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মাসুমের মৃত্যু হয়। এর ৩ দিন পর রবিবার আহত মা জুলেখা খাতুনকেও মৃত ঘোষণা করেন কত্যর্বরত চিকিৎসক।