সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন : নজরুল ইসলাম খান

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন, সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন।’

র‌বিবার (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কারা নির্যাতিত নেতা আব্দুস ছালাম মিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান। 

কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লো‌ভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে, এরা রক্তের সাথে বেইমানি করতে চাইছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, ‘শেখ হাসিনা সরকার আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কে বলেছে জনগণ নির্বাচন চায়না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতিদ্রুত নির্বাচন দিন।’

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মো. আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।