লাহোরে নারী বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে স্কটিশদের ২৫১ রানে আটকে দিয়েছিল রিতুমোনিরা। পরে ৮ ওভারেরও বেশি হাতে রেখে ৫ উইকেটে ওই রান তুলে ফেলেন জ্যোতিরা। এই জয়ের মধ্য দিয়ে কোয়ালিফায়ার সামনে রেখে প্রস্তুতিতে আত্মবিশ্বাস যোগালো বাংলাদেশ নারী দল।
স্কটল্যান্ডের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সারাহ ব্রাইস (৫৮), ডার্সি কার্টার (৫৫), এবং ক্যাথরিন ফ্রেজার (৫২ অপরাজিত)। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস করেন ৩১ রান। বল হাতে বাংলাদেশের রিতু মনি ২২ রানে ২টি এবং মারুফা আক্তার ২২ রানে ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু থেকেই ছিল ইতিবাচক মনোভাব। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। এছাড়া ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ ও ইশমা তানজিম ২৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্কটল্যান্ডের পক্ষে ক্লো অ্যাবেল ২টি এবং ডার্সি কার্টার ১টি উইকেট শিকার করেন।
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।